রুদ্র বিশ্বাস, বনগাঁ: বারুইপুর ধর্ষণকাণ্ড নিয়ে করা একটি ভিডিওকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন কনটেন্ট ক্রিয়েটর আরজে প্রিয়াঙ্কা। এবার সেই বিতর্কের জবাব দিতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট করেছেন তিনি। সেখানে সমালোচনার উত্তর দেওয়ার পাশাপাশি নিজের বক্তব্যের ব্যাখ্যাও তুলে ধরেছেন। পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, কোনও বিষয় নিয়ে মত প্রকাশ করতে হলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা বাধ্যতামূলক নয়। তাঁর কথায়, তিনি কোনও রাজনীতি করেন না, বরং যেটা সত্য বলে মনে করেন, সেটাই প্রকাশ করেন। একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, ভিডিওতে ব্যবহৃত ভাষা আরও সংযত হওয়া উচিত ছিল। তবে ভাষার জন্য অনুশোচনা থাকলেও বক্তব্যের মূল উদ্দেশ্য থেকে তিনি একটুও সরে আসেননি বলেই জানিয়েছেন।
প্রসঙ্গত, বেহালা ও বারুইপুরের ধর্ষণের ঘটনা নিয়ে অভয়ার মা এবং পানিহাটির বিজেপি বিধায়িকা রত্না দেবনাথের মন্তব্যের সমালোচনা করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন আরজে প্রিয়াঙ্কা। তাঁর দাবি, একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি থাকে। সেই কারণেই তিনি ওই মন্তব্যের সমালোচনা করেছিলেন। যদিও নিজের প্রতিক্রিয়া প্রকাশের সময় আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও তিনি পোস্টে উল্লেখ করেছেন। সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় পাল্টা মন্তব্যও করেছেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, ভিন্ন মত প্রকাশ করলেই কাউকে বিভিন্ন রাজনৈতিক তকমা দেওয়ার প্রবণতা বন্ধ হওয়া উচিত।
উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে রত্না দেবনাথকে উদ্দেশ্য করে একাধিক কড়া মন্তব্য করেছিলেন আরজে প্রিয়াঙ্কা। সেই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়। একাংশ তাঁর বক্তব্যের সমর্থনে সরব হলেও, অন্যদিকে অনেকেই ভাষা ব্যবহারের জন্য তাঁর সমালোচনা করেন।