সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : "প্রত্যাশা তোমার আমার সবার"— এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার (১২ জুলাই) বীরভূম জেলার ইলামবাজারে অনুষ্ঠিত হলো ২১তম স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবতার সেবায় নিবেদিত এই উদ্যোগে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলে।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরের সার্বিক পরিচালনায় ছিল কম্বাইন্ড স্পোর্টস একাডেমি ও টিম প্রত্যাশা।
এদিনের শিবিরে ৫ জন মহিলা-সহ মোট ৫৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল বোলপুর সাব-ডিভিশনাল ব্লাড সেন্টার।
শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন টিম প্রত্যাশার কো-অর্ডিনেটর এ. আর. এম. পারভেজ, হাসিবুর রহমান চৌধুরী এবং ইয়াকুব খাদিম।
বর্তমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার আবহেও মানবতার ডাকে সাড়া দিয়ে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁদের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।
প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি তথা বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক আব্দুল খালেক মল্লিক সকল রক্তদাতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের প্রতি নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে প্রয়োজনে কোনো রোগী রক্তের অভাবে জীবন হারাতে না হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুবল কর্মকার, শিক্ষক নুরুল গামা, মাওলানা আকবর সাহেব-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
মানবতার সেবায় রক্তদান যে সর্বশ্রেষ্ঠ দানের অন্যতম, প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংস্থার এই ধারাবাহিক উদ্যোগ সেই বার্তাকেই আরও একবার সমাজের সামনে তুলে ধরা।