নিজস্ব প্রতিনিধি : রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অনিয়মের অভিযোগ নতুন নয়। পর্যাপ্ত সরঞ্জাম ও সাফাইকর্মী থাকা সত্ত্বেও কেন অপরিচ্ছন্নতার ছবি প্রকাশ্যে আসছে, তা নিয়ে এ বার কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। পুরুলিয়া মেডিক্যালে অপরিচ্ছন্নতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে নালিশ বিজেপি সাংসদের। এর পরেই রাজ্যের চার হাসপাতালকে ভর্ৎসনা করে দিনে তিন বার সাফাইয়ের কড়া নির্দেশ দিল স্বাস্থ্য ভবন।
সম্প্রতি পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতার অভিযোগ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে ফোন করেন স্থানীয় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, ওই হাসপাতালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অনুপস্থিত।
এমনকি, অনুমতি ছাড়াই পাঁচ জন নন-মেডিক্যাল সুপার ছুটিতে রয়েছেন। অথচ, ওই হাসপাতালে ৩৬৪ জন সাফাইকর্মী ও ওয়ার্ডবয় রয়েছেন। মজুত রয়েছে সাফাইয়ের পর্যাপ্ত সরঞ্জামও। এর পরেই সংশ্লিষ্ট আধিকারিকদের শোকজ় করা হয়।