সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসা ও নওপাড়া গ্রামবাসী। ২৯ অক্টোবর বৃহস্পতিবার খয়রাশোল ব্লকের নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার সভাকক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে সহায়তা করা এবং সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা।
মাদ্রাসা কেবল ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার এই উদ্যোগ সেই বার্তাই তুলে ধরেছে। রক্তের অভাবে যাতে কোনও মুমূর্ষু রোগী চিকিৎসার ক্ষেত্রে সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান একটি মহৎ সামাজিক কর্মসূচি। একজন মানুষের স্বেচ্ছায় দান করা রক্ত অন্য একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এই কর্মসূচির মাধ্যমে সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশাপ্রকাশ করেন উদ্যোক্তারা।
রক্তদানের গুরুত্ব তুলে ধরে আয়োজকদের আবেদন, “রক্ত আমার, রক্ত তোমার—রক্ত দিয়েই জীবন বাঁচার।” মানবতার স্বার্থে সকলকে স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আব্দুর রহমান, সমাজসেবী মোতাহার খান ও সুকুমার নন্দী এবং স্থানীয় গ্রামের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুবক বৃন্দ।
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসা ও গ্রামবাসীদের এই উদ্যোগের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি, মানবিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর এক ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে এলাকায়।