বসিরহাট : অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই আনন্দে মেতে উঠলেন হিঙ্গলগঞ্জের মহিলারা। হিঙ্গলগঞ্জ মণ্ডল-৩ বিজেপির উদ্যোগে বাইলানি বাজারে একত্রিত হয়ে মহিলারা একে অপরকে মিষ্টিমুখ করান, আবির খেলেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার হাতে নিয়ে আনন্দ প্রকাশ করেন। মঙ্গলবারের এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আনন্দেই এই কর্মসূচি বলে জানান আয়োজকরা। তাদের দাবি, রাজ্য সরকারের ঘোষণামতো যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যায়ক্রমে ৩ হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে। টাকা ঢোকার খবর পেয়ে এদিন বাইলানি বাজারে জড়ো হন স্থানীয় মহিলারা। একে অপরকে মিষ্টি খাইয়ে এবং আবির মাখিয়ে তাঁরা আনন্দ ভাগ করে নেন।

হিঙ্গলগঞ্জ মণ্ডল-৩-এর সভানেত্রী নীলিমা গিরির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে মহিলাদের হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতীকী সামগ্রীও দেখা যায়। কেউ মাথায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আনন্দ প্রকাশ করেন, কেউ আবার একে অপরকে মিষ্টিমুখ করান। উপস্থিত ছিলেন মণ্ডল-৩-এর সভাপতি বিধান মণ্ডল-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। মহিলাদের বক্তব্য, নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠিত হলে মহিলাদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হবে। তাঁদের দাবি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে আসতে শুরু করায় তাঁরা খুশি।
এই উপলক্ষে তারা রাজ্য সরকারের নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানান। তবে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার শর্ত ও অর্থপ্রদানের প্রক্রিয়া সরকারি নিয়ম অনুযায়ী হওয়ায়, সকল যোগ্য প্রাপকের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পৌঁছনোর কথাই জানানো হয়েছে। হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকার মহিলাদের একাংশের এই আনন্দ উদযাপনকে ঘিরে এদিন বাইলানি বাজারে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি উৎসবের পরিবেশও তৈরি হয়।