বসিরহাট : সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করে রশিদ কাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের সন্দেশখালি থানার একটি দল বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকায় রশিদ কাজীর বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় বাড়ি থেকে দুটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং একটি লোহার শাবল উদ্ধার করা হয়। এরপর সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ।
সন্দেশখালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলাই ঘোষের নেতৃত্বে পুলিশ রশিদ কাজীকে গ্রেফতার করে। কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ এল এবং এগুলি কী কাজে ব্যবহার করা হত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার অভিযুক্তকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতে নিয়ে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের উৎস এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।