বসিরহাট : হাসনাবাদ স্টেশন পরিদর্শনে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম, ডবল লাইন ও রেল ওভারব্রিজ নিয়ে আশ্বাস। যাত্রী নিরাপত্তা ও পরিষেবার মান খতিয়ে দেখতে হাসনাবাদ রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। বৃহস্পতিবার রেলের বিশেষ ট্রেনে হাসনাবাদ স্টেশনে পৌঁছে তিনি স্টেশন চত্বর পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন স্টেশন মাস্টার, আরপিএফ আধিকারিক সহ রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা।
পরিদর্শনের সময় স্টেশনে যাত্রীদের সুযোগ-সুবিধা ও সমস্যার পাশাপাশি প্রান্তিক স্টেশন হাসনাবাদে কর্মরত রেলকর্মীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথাও শোনেন ডিআরএম। যাত্রী নিরাপত্তা আরও জোরদার করার বিষয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
হাসনাবাদ শাখায় দীর্ঘদিনের দাবি চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন। এ বিষয়ে ডিআরএম রাজীব সাক্সেনা জানান, ডবল লাইনের জন্য লোকেশন সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। তবে এখনও ড্রাফ্ট রিপোর্ট চূড়ান্ত হয়নি। রিপোর্ট চূড়ান্ত হওয়ার পর রেল মন্ত্রকের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
অন্যদিকে, ভ্যাবলা রেলগেটের উপর রেল ওভারব্রিজ তৈরির দাবি নিয়েও আশার কথা শোনান ডিআরএম। তিনি জানান, রেল সবসময়ই রেল ওভারব্রিজ এবং আধুনিক গেটের মাধ্যমে রেলযাত্রা ও সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও সমস্যামুক্ত করার চেষ্টা করে। ভ্যাবলা এলাকায় দ্রুত সার্ভে করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিনের পরিদর্শনে শিয়ালদহ-হাসনাবাদ শাখার পরিকাঠামো, যাত্রী পরিষেবা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার বিষয়টিই বিশেষ গুরুত্ব পায়।