সেখ রিয়াজউদ্দিন, খয়রাশোল : জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব দুর্গাপুজোকে উৎসাহিত করতে খয়রাশোল ব্লকের উদ্যোগে ‘শারদ স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬’ প্রদান করা হয় সোমবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। জানা যায় যে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জনস্বাস্থ্য শাখার উদ্যোগে খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্লকের পাঁচটি দুর্গাপুজো কমিটির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

দুর্গাপুজোকে কেন্দ্র করে মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা, প্লাস্টিকমুক্ত ও পরিবেশবান্ধব প্যান্ডেল নির্মাণ, শূন্য বর্জ্য পুজো পরিচালনা, সামগ্রিক কার্যসম্পাদন এবং জনসম্পৃক্ততামূলক কর্মসূচিতে বিশেষ উদ্যোগ ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে এই সম্মান প্রদান করা হয়।

রাজ্য সরকারের নির্দেশিকা মেনে জনস্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে যেসব পুজো কমিটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানা যায়। উল্লেখ্য পুরস্কার প্রাপকদের তালিকায় স্থান করে নিয়েছে পেরুয়া যুব সংঘ, খয়রাসোল আমরা সকলে,রূপুষপুর দাসপাড়া যুব সংঘ,সারসা আদর্শ সংহতি সমিতি,বাবুইজোড় শ্রীরামপুর সর্বজনীন দূর্গাপূজা কমিটি।
পাশাপাশি আসন্ন ছটপুজা, কালীপূজা সর্ম্পকে সরকারি বিধি অনুযায়ী পালন করার বার্তা দেওয়া হয়। আগামী কালীপুজোয় পর্যাপ্ত আলো,ভিতরে এবং বাহিরে যাবার প্রশস্ত রাস্তা,সি সি টি ভি বসানো,প্রসাদ বিতরণের ক্ষেত্রে পরিচ্ছন্ন জায়গায় প্রসাদ রাখা এবং সতর্কতা অবলম্বন করা সহ নানান বিষয়ে কমিটিগুলিকে অবগত করা হলো। আলোএছাড়াও আগাম সতর্কতা মূলক হিসেবে কোন ঘাটের কি পরিস্থিতি এবং পুকুর বা নদীতে জলের গভীরতা কতখানি দেখা ও ব্যারিকেড দেওয়া ইত্যাদি বিষয়ে সচেতনতার বার্তা দেন এদিনের সভা থেকে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশোলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলী, যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্যাণাশীষ দাস, খয়রাসোল থানার ওসি উৎপল দাস,ব্লক স্বাস্থ্য আধিকারক ডঃ সৈয়দ সঞ্জয় হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।