সেখ রিয়াজউদ্দিন, বীরভূম : বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘এসো প্রাণের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে শনিবার সুপুর দেবদূত ক্লাব সংস্কৃতি মঞ্চে শুরু হয় দু’দিনের নাট্য উৎসব। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহযোগিতায় আয়োজিত এই উৎসবে অংশগ্রহণ করছে বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংস্থা।
উৎসবের উদ্বোধন করেন লোকসংস্কৃতি গবেষক ও নাট্য ব্যক্তিত্ব শুভেন্দু মাইতি। উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রদীপ কবিরাজ, অম্বিকা দে-সহ বিশিষ্টজনেরা। নাট্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুপুর গ্রামের মহেশ পাল ও রামচন্দ্র বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়।
প্রথম দিনে বোলপুর গণনাট্য উত্তরণের ‘পোট্রেটে রাজা’ এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর ‘বেহুলা লখিন্দর পালা’ মানব পুতুল নাটক মঞ্চস্থ হয়। দ্বিতীয় তথা শেষ দিন রবিবার পরিবেশিত হবে ‘দস্যু রত্নাকর’ নৃত্যাভিনয়, ‘মোল্লাখালির মাঝি’ ও ‘জটিলেশ্বর’ নাটক।
উদ্বোধক শুভেন্দু মাইতি বলেন, যুব সমাজকে নাট্যচর্চায় আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে এবং নাটকের মাধ্যমে সামাজিক বার্তা ছড়িয়ে দিতে হবে। সংস্থার সভাপতি রবীন্দ্রনাথ হাজরা জানান, ৪৫ বছর পূর্তি উপলক্ষে জেলার শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও নাট্য উৎসবের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।