সেখ রিয়াজউদ্দিন, বীরভূম : এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধী দলগুলি। এই ইস্যুতে আন্দোলনকে রাজ্যের প্রতিটি বুথ, ব্লক ও জেলার বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় কংগ্রেস। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে বুধবার বীরভূম জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী।
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করার পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জেলা কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম অবৈধভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর আরও দাবি, ভোট চুরির মাধ্যমে বিজেপি সরকার পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপি সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
সঞ্জয় অধিকারী জানান, এসআইআর-সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়ে গত ২৮ সেপ্টেম্বর জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। পাশাপাশি, ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ নভেম্বর দিল্লিতেও কর্মসূচি পালিত হবে।
তিনি আরও জানান, জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। দিল্লির কর্মসূচি থেকে ফিরে এসে বীরভূম জেলায় আন্দোলনকে আরও জোরদার করা হবে। এসআইআর প্রক্রিয়া এবং ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার অভিযোগকে সামনে রেখেই আগামী দিনে দলের আন্দোলন আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা কংগ্রেস সভাপতি।