বসিরহাট : দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধান করলেন বিধায়িকা রেখা পাত্র। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের মঠবাড়ি এলাকার ১৬৫ ও ১৫৪ নম্বর বুথে দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধান হল। এতদিন ১৬৫ নম্বর বুথের জল সরু পাইপের মাধ্যমে ১৫৪ নম্বর বুথের সুইচগেট দিয়ে বের করা হতো। কিন্তু ভারী বৃষ্টিতে ১৫৪ নম্বর বুথের বাড়িঘর জলমগ্ন হওয়ার পাশাপাশি অন্য এলাকার জল ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতো। এই নিয়ে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে বিবাদ তৈরি হলে নিকাশি পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়।
সমস্যার খবর পেয়ে উদ্যোগী হন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। তার উপস্থিতিতে বিডিও ও হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় বৃহস্পতিবার নিকাশি সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি জলবন্দি বাড়িগুলিতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিধায়িকা এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
রেখা পাত্র বলেন, "সাধারণ মানুষের ক্ষতি করে কোনও ধরনের কাজ বরদাস্ত করা হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"