পূর্ব বর্ধমান, ভাতাড়, আমিরুল ইসলাম : ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন তরনীনগর এলাকার এক যুবক বহিঃরাজ্যে গিয়ে নিখোঁজ হয়ে যাবার ঘটনায় এলাকাজুড়ে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন গুজরান করে চলেছে তার পরিবার। ঘটনায় এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও এখন অবধি পুলিশের পক্ষ থেকে কোনও সঠিক ক্লু বের করা সম্ভব হয়নি।
ঘটনার বিবরনে জানা গেছে, ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন তরনীনগর এলাকার বাসিন্দা প্রয়াত রঞ্জিত সিনহার একমাত্র ছেলে ৩৪ বর্ষীয় রাজেশ সিনহা বিহার রাজ্যের বক্সর এলাকায় কাজের উদ্দেশ্যে পাড়ি দেয় গত জুলাই মাসে। কর্মরত অবস্থায় ইদানিং সে অসুস্থ হয়ে পড়ে বলে তার পরিবার সূত্রে খবর। ফলে বক্সর থেকে বাড়ির উদ্দেশ্যে সে রওয়ানা দেয় গত ১৫ সেপ্টেম্বর।
প্রাপ্ত খবর মোতাবেক, শারীরিক অসুস্থতা নিয়ে গত ১৫ই সেপ্টেম্বর রাত প্রায় ৮টায় বিহার রাজ্যের বক্সর ট্রেন স্টেশন থেকে North East Express Train no 12506-এ চেপে সে গৌহাটির কামাখ্যা স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সময়ে সময়ে সে তার পরিবারের সদস্যদের সাথেও ফোনে কথাবার্তা বলে।
১৫ তারিখ পেরিয়ে ১৬ই সেপ্টেম্বর সকাল প্রায় সাড়ে এগারোটায় সে শেষবারের মত তার পরিবারের সাথে ফোনে কথাবার্তা বলে। এরপর থেকেই তার মোবাইল সুইচ অফ হয়ে যায়। প্রায় ৮ দিন যাবৎ তার সাথে কোনপ্রকার যোগাযোগ না হওয়ায় তার পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা নেমে এসেছে।
বিভিন্ন সূত্র তথা রেলওয়ে বিভাগের সাথে যোগাযোগ করে জানা গেছে, সেদিন ওই ট্রেনটি কয়েক ঘন্টা বিলম্বে চলছিল। New Jalpaiguri Junction-এ পৌঁছতে পৌঁছতে সকাল প্রায় ১০টা বেজে যায়। সেখানে উক্ত ট্রেনটি ১০ মিনিট দাঁড়ায়। প্রায় সাড়ে এগারোটা নাগাদ নিখোঁজ রাজেশ সিনহা তার এক নিকটাত্মীয়কে ফোন করে। পুলিশি সূত্র মোতাবেক, তার Last Location ধরা পড়েছে দার্জিলিংয়ের Bagdogra এলাকায়। আর এখানেই সন্দেহ আরো ঘনীভূত হতে থাকে।
কেননা যেই ট্রেনে চেপে নিখোঁজ রাজেশ সিনহা রওয়ানা দিয়েছিল, তা বাগডোগরার দিকে যাবার কথা নয়, তা কামাখ্যা স্টেশনের দিকে আসার কথা। কিন্তু রাজেশের মোবাইল লোকেশন উল্টো পথের সেই বাগডোগরার দিকে কি করে দেখাচ্ছে, তাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই মর্মে ঊনকোটি জেলার ফটিকরায় থানা সহ গৌহাটির একটি থানায় নিখোঁজ ডায়েরি করেছে রাজেশের পরিবার, তথাপি এখনো পর্যন্ত তার কোন হদিস মিলেনি।
তার পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, কেউ যদি নিখোঁজ রাজেশ সিনহার সম্পর্কে সঠিক কোন তথ্য দিতে পারেন, তাহলে সেই ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। তার নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অথবা আপনার কোন তথ্য নিকটবর্তী কোন থানাতেও জমা দিতে অনুরোধ করা হচ্ছে।
আপনারা যদি কোন খবর পান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন 8974014552 / 8415936748