বসিরহাট : বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শিশুসহ এক মহিলাকে আটক করল বিএসএফ। বৃহস্পতিবার রাতে বসিরহাটের স্বরূপনগর থানার সীমান্তবর্তী এলাকায় ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তারালি বিওপি সংলগ্ন এলাকা থেকে ওই মহিলা ও শিশুকে আটক করেন। বিএসএফ সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। এরপর বিএসএফের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আটক মহিলা ও শিশুকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম অর্পিতা বিশ্বাস। তার বাড়ি উত্তর 24 পরগণার বারাসাত মহকুমার দত্তপুকুর থানা এলাকায়। তার সঙ্গে ছিল একটি শিশু সন্তান। কী উদ্দেশ্যে ওই মহিলা বাংলাদেশে গিয়েছিলেন এবং কীভাবে সীমান্ত পেরিয়ে ফের ভারতে প্রবেশ করলেন, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।