সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: মহান শিক্ষাবিদ ও সমাজসংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। তবে খয়রাসোল ব্লকের লোকপুর রামধনু পাবলিক স্কুল গত আট বছর ধরে বিদ্যাসাগরের জন্মদিন, ২৬ সেপ্টেম্বরকে ‘আদর্শ শিক্ষক দিবস’ হিসেবে পালন করে আসছে।

সেই ধারাবাহিকতায় শনিবার, ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে স্থানীয় বিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের নিয়ে নাচ, গান, কবিতা আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিদ্যাসাগরের জন্মজয়ন্তী ও আদর্শ শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে বক্তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা বিস্তার, সমাজসংস্কার এবং নারীশিক্ষার প্রসারে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার সাহা, লোকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস দাস, সমাজসেবী নৃপেন্দ্রনাথ সাহা, সুকুমার নন্দী,দীপক দাস, ধনঞ্জয় শীল সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত বলেন, ৫ সেপ্টেম্বর প্রচলিত শিক্ষক দিবস পালনের পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ২৬ সেপ্টেম্বরকে ‘আদর্শ শিক্ষক দিবস’ হিসেবে পালন করার মূল উদ্দেশ্য হল তাঁর আদর্শ, শিক্ষা-ভাবনা ও সমাজসংস্কারের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। তাঁর মতে, একজন আদর্শ শিক্ষকের প্রকৃত ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিদ্যাসাগরের জীবন ও কর্ম আজও শিক্ষকদের কাছে অনুপ্রেরণার উৎস।