সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: মহান মানবতাবাদী ও সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে শনিবার, ২৬ সেপ্টেম্বর রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরি অ্যান্ড ফ্রি কোচিং সেন্টারের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রতিষ্ঠানে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান করেন প্রতিষ্ঠানের সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক মিহির মণ্ডল এবং সম্পাদিকা আয়েষা খাতুন।

বিদ্যাসাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে আবৃত্তি, অঙ্কন, সাহিত্য পাঠ এবং প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলিতে পড়ুয়াদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার প্রতিযোগিতার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। একইসঙ্গে মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এবং কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যাসাগর ও শরৎচন্দ্রের জীবন, সাহিত্য, মানবতাবাদী চিন্তা এবং সমাজে তাঁদের অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে জানা যায়।