সাধন মন্ডল, বাঁকুড়া :জঙ্গলমহলের রানীবাঁধ–ঝিলিমিলি রাস্তার উপর লেদাপাকুড়ে লরি উল্টে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের,পাশাপাশি ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১২টি ছাগল, তিনটি গরু এবং ১৩টি ভেড়ার। শনিবার রাত্রে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি কাঠবোঝাই ভারী ট্রাক ঝিলিমিলির দিক থেকে রানীবাঁধের দিকে যাচ্ছিল। লেদাপাকুড় এলাকায় যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি। সেই সময় রাস্তা দিয়ে গবাদিপশু নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। উল্টে যাওয়া ভারী ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২টি ছাগল, তিনটি গরু ও ১৩টি ভেড়ার মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় ট্রাকের এক শ্রমিকেরও মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম স্বপন টুডু, বয়স ২৫ বাড়ি রানীবাঁধের নিকটবর্তী দাঁড়কেডি গ্রামে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীবাঁধ থানার পুলিশ। আহত শ্রমিক ও ট্রাকের চালককে উদ্ধার করে রানীবাঁধ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
রবিবার সকালে পুলিশ মৃত শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রানীবাঁধ থানার পুলিশ।