বসিরহাট : মঙ্গলবার স্কুল শুরু হওয়ার ঠিক আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ হাই স্কুলে। জানা গিয়েছে, স্কুলের একটি দেওয়ালে থাকা বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিটের জেরে দেওয়ালটি বিদ্যুৎবাহী হয়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে ছাত্রছাত্রীরা সেই দেওয়ালে হাত দিতেই একে একে পাঁচজন বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনাস্থলেই তারা অসুস্থ হয়ে পড়ে।
পরিস্থিতি বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধারের ব্যবস্থা করে। পাঁচজনের মধ্যে শারীরিক অবস্থা তুলনামূলকভাবে গুরুতর হওয়ায় তিনজনকে তড়িঘড়ি যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় এবং প্রায় দু’ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
ঘটনার খবর দেওয়া হয় বিদ্যুৎ দফতরেও। বিদ্যুৎ বিভাগের কর্মীরা স্কুলে পৌঁছে ওই বৈদ্যুতিক গোলযোগের কারণ খতিয়ে দেখে শর্ট সার্কিটের সমস্যা মেরামত করেন।
দেওয়ালটিকে বিদ্যুৎ সংযোগজনিত বিপদ থেকে মুক্ত করা হয়। স্কুল চত্বরে কীভাবে ওই শর্ট সার্কিটের ঘটনা ঘটল, তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও স্কুল শুরুর মুখে একসঙ্গে পাঁচ ছাত্রছাত্রী বিদ্যুৎপৃষ্ট হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে অভিভাবক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।