বসিরহাট : বসিরহাটের স্বরূপনগর ব্লকের শাঁড়াপুল-নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন উদয় কুমার রায়। শুক্রবার পঞ্চায়েত কার্যালয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রধান নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৎকালীন প্রধান আবুল কালাম আজাদকে অপসারণ করা হয়। এরপর নতুন প্রধান নির্বাচনের জন্য এদিন ভোটাভুটি হয়।
মোট ২৩ জন জনপ্রতিনিধিকে নিয়ে গঠিত এই পঞ্চায়েতে ইতিমধ্যে একজনের মৃত্যু হওয়ায় ২২ জন জনপ্রতিনিধি ভোটাভুটিতে অংশ নেন। ব্লক আধিকারিকদের উপস্থিতিতে ২২-০ ভোটে উদয় কুমার রায় প্রধান নির্বাচিত হন। উপপ্রধান হিসেবে চন্দনা বিশ্বাস আগেই দায়িত্বে রয়েছেন। নবনির্বাচিত প্রধান জানান, আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন।