বসিরহাট : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেআইনি মদ ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে বসিরহাট পুলিশ জেলা। বসিরহাটের মিনাখাঁ থানার পুলিশ অভিযান চালিয়ে ১৮ লিটার দেশি মদ উদ্ধার করেছে।
ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার উত্তর আখড়াতলা এলাকায় অভিযান চালিয়ে মোট ৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ১৮ লিটার। বেআইনি ভাবে দেশি মদ মজুত ও বিক্রির অভিযোগে মদিন সরদার এবং ভুট্টো সরদার নামে দু’জনকে গ্রেফতার করে মিনাখাঁ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মলয় মন্ডলের নেতৃত্বাধীন পুলিশ। ধৃত মদিন সরদার হাসনাবাদ থানার চালতাবেড়িয়া এলাকার বাসিন্দা।
অপর ধৃত ভুট্টো সরদারের বাড়ি হাসনাবাদ থানার ভবানীপুর এলাকায় বলে পুলিশ জানিয়েছে। আসন্ন দুর্গাপূজার আগে বেআইনি মদ ও মাদক কারবারের বিরুদ্ধে বসিরহাট পুলিশ বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, উৎসবের সময় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।