রাহুল রায়,কাটোয়া : অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার কাটোয়া সহকারী বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় এবং কাটোয়া গাছ গ্রুপের যৌথ উদ্যোগে কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনে চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া এআই (স্কুলস) ড. অনুপ চক্রবর্তী, মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাটোয়া গাছ গ্রুপের কনভেনার সুব্রত কুমার সাহা, শিবনাথ মিস্ত্রী, বুদ্ধদেব ঘোষ, সেলিনা বেগম, দেবব্রত মুখোপাধ্যায়, লক্ষ্মীনারায়ণ রায়,জয়ন্ত সরকার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই কর্মসূচিতে কাটোয়া মহকুমার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ৫০০টি ফলজ ও মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠান থেকে "গাছ লাগান, পরিবেশ বাঁচান" এবং সবুজায়নের বার্তা তুলে ধরা হয়। পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
কাটোয়া গাছ গ্রুপের এই পরিবেশবান্ধব উদ্যোগকে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।