বসিরহাট : অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার আনন্দে হিঙ্গলগঞ্জে র্যালি করে কালীমন্দিরে পুজো দিলেন মহিলারা। মঙ্গলবার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার মহিলারা ক্যাওড়াখালি থেকে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি পর্যন্ত র্যালি করেন। পরে মন্দিরে পুজো দিয়ে পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দে মেতে ওঠেন তারা।
অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। সরকারি তথ্য অনুযায়ী, এই টাকা সরাসরি আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ১৭ আগস্ট থেকে নতুন পর্যায়ের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকার মহিলাদের একাংশের দাবি, সংসারের নানা প্রয়োজনে এই আর্থিক সহায়তা তাদের কাজে আসবে। সেই আনন্দেই এদিন দলীয়ভাবে র্যালির আয়োজন করা হয়। ক্যাওড়াখালি থেকে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি পর্যন্ত র্যালিতে বহু মহিলা অংশ নেন। তাদের বক্তব্য, যোগ্য মহিলারা সকলেই ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তাই টাকা পাওয়া নিয়ে কোনও বিভ্রান্তিতে না থাকার জন্য আবেদন জানান তারা।
বিজেপি নেতাদের দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি তথ্যেও জানানো হয়েছে, যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পাঠানো হচ্ছে এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে আরও মহিলাকে এই সুবিধার আওতায় আনা হবে।
অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার পর সুন্দরবনের প্রান্তিক এলাকার মহিলাদের একাংশের এই আনন্দ প্রকাশের কর্মসূচি ঘিরে হিঙ্গলগঞ্জে এদিন উৎসবের আবহ তৈরি হয়।