সাধন মন্ডল, বাঁকুড়া: প্রায় দুমাস জেল হেফাজতে থাকার পর আজ শুক্রবার দীর্ঘ সওয়াল-জবাবের পরে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন জঙ্গলমহলের একসময়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা তথা বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস সদস্য রাজকুমার সিংহ। আজ হাতড়া মহকুমা আদালত তার জামিন মঞ্জুর করে। জালিয়াতি, প্রতারণা, প্রাণনাশের হুমকি এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগে গত ২০ জুলাই ঝাড়গ্রাম থেকে রাজকুমার সিংহ কে গ্রেফতার করেছিল বারিকুল থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত মে মাসে ফুলকুসমার বাসিন্দা সহদেব নামাতা অভিযোগ করেন, ভূমি সংস্কার আইনে পাওয়া হস্তান্তর নিষিদ্ধ ৩৩ শতক পাট্টা জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। শরিকি বিবাদ মেটানোর আশ্বাস দিয়ে রাজকুমার জমির আসল নথি নিজের হেফাজতে নেন বলে অভিযোগ। পরে দলবল নিয়ে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ওই জমির দানপত্র তার মায়ের নামে লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ।
রাজকুমারের আইনজীবী তাপস কুমার পাঠকের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। অভিযোগের কোনও সারবত্তা নেই। সব দিক বিবেচনা করেই বিচারক অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।