ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের
বসিরহাট : বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। বাঁধের কোন কোন অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে, তা সরেজমিনে নোট করেন বিধায়ক।
সনৎ সর্দার জানান, ন্যাজাটের একাধিক জায়গায় নদীবাঁধের পরিস্থিতি আশঙ্কাজনক। দ্রুত সংস্কারের পাশাপাশি স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে। বাঁধ দ্রুত সংস্কার হলে নদীভাঙনের আতঙ্ক থেকে রেহাই মিলবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।