বসিরহাট : সন্দেশখালির বিদ্যাধরী নদীতে নৌকা বাইচের নৌকা উল্টে বিপত্তি, মাঝনদীতে হাবুডুবু প্রায় ২০ প্রতিযোগীর। বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের কানমারি এলাকার বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালীন নৌকা উল্টে বিপত্তি। খারাপ আবহাওয়ার কারণে নদীতে ঢেউ বাড়তেই জল ঢুকে নৌকাটি আচমকা উল্টে যায়। নৌকায় থাকা প্রায় ২০ জন প্রতিযোগী মাঝনদীতে পড়ে গিয়ে হাবুডুবু খেতে শুরু করেন। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতা চলাকালীন আবহাওয়া খারাপ হয়ে নদীতে ব্যাপক ঢেউ ওঠে। ঢেউয়ের ধাক্কায় নৌকার ভিতরে জল ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা প্রতিযোগীরা নদীর জলে পড়ে যান। ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন।
খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং বিজেপি কর্মীদের তৎপরতায় লঞ্চ নিয়ে মাঝনদীতে গিয়ে জলে পড়ে যাওয়া প্রতিযোগীদের উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রতিযোগীরা রক্ষা পেয়েছেন বলে দাবি স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।