বসিরহাট : মিনাখাঁর তৃণমূলের ব্লক সভাপতি আইয়ুব গাজীকে গ্রেফতার করলো মিনাখা থানার পুলিশ। বেআইনি ভাবে বিদ্যুৎ ব্যবহার, তোলাবাজি, সন্ত্রাস এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় অশান্তি ছড়ানোর মতো একাধিক অভিযোগকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের মিনাখাঁ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি আইয়ুব গাজীর নিজের দোকানে বেআইনিভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। ওই দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। পাশাপাশি, এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তোলাবাজি ও সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় একাধিক ব্যক্তিকে এলাকা ছাড়া করে রাখার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরনো অভিযোগের ভিত্তিতে পুলিশ সক্রিয় হয়েছে বলে দাবি স্থানীয় সূত্রের। সেই সূত্রেই মিনাখাঁ থানার পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে আইয়ুব গাজীকে গ্রেফতার করে। ধৃত তৃণমূল ব্লক সভাপতিকে রবিবার বসিরহাট আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।