সাধন মন্ডল, বাঁকুড়া : হিড়বাঁধ থানার অন্তর্গত বানসা গ্রামের বাসিন্দা তথা পেশায় স্কুলশিক্ষক বরুণ মাজি কে গত ৯ অক্টোবর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদ্যুৎ দফতরের কর্মী পরিচয় দিয়ে যোগাযোগ করে। বিদ্যুতের বিল আপডেট করার অজুহাতে তাঁকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে এবং ভিডিও কলের মাধ্যমে কয়েকটি নির্দেশ অনুসরণ করতে বলা হয়। অভিযোগ, এরপরই তাঁর ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট থেকে PhonePe UPI-এর মাধ্যমে ₹১,০০,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয়।
ঘটনার পর বরুণ মাজি পুলিশের দ্বারস্থ হন। হিড়বাঁধ থানার সাইবার হেল্প ডেস্কের সহায়তায় জাতীয় সাইবার হেল্পলাইন ১৯৩০ নম্বরে অভিযোগও নথিভুক্ত করা হয়। এরপর প্রতারণার অর্থের লেনদেনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুলটি থানা এলাকায় অভিযান চালিয়ে রেহান আলম ও নিখিল গুপ্তকে গ্রেফতার করা হয়।