নিজস্ব সংবাদাতা: আন্তর্জাতিক মঞ্চে ভূয়সী প্রশংসায় অভিভূত হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার মোদিকে বিশ্বের অন্যতম ‘অনুপ্রেরণাদায়ী’ নেতা বলে প্রশংসা করলেন। এমনকি, মোদীকে তিনি ‘জ্ঞানী নেতা’ বলেও উল্লেখ করেছেন। মুম্বইয়ে আয়োজিত ভারত-বেলজিয়াম উচ্চপর্যায়ের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ডে ওয়েভার বলেন, “প্রধানমন্ত্রী মোদি বিশ্বের অন্যতম অনুপ্রেরণাদায়ী নেতা। তিনি একজন জ্ঞানী নেতা।” তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই ।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী ভারত ও বেলজিয়ামের অর্থনীতিকে পরস্পরের পরিপূরক বলেও মন্তব্য করেন। বিশেষ করে বেলজিয়ামের বন্দর, লজিস্টিকস, রাসায়নিক ও শক্তি ক্ষেত্রে ভারতীয় বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। ভারত-বেলজিয়াম সম্পর্কের পাশাপাশি মহারাষ্ট্রের সঙ্গেও বেলজিয়ামের বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বার্তা দিয়েছেন ডে ওয়েভার। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও ভারত-ইইউ বাণিজ্য চুক্তিকে উভয় পক্ষের জয় হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর তৈরি এই চুক্তি কৃষক, স্টার্টআপ, মহিলা উদ্যোক্তা-সহ ভারতের বিভিন্ন ক্ষেত্রের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।
ডে ওয়েভার বলেন, “বিশ্বজুড়ে এখন অনেকেই বাজারে নতুন করে বাধা তৈরি, শুল্ক আরোপ এবং বাণিজ্য সীমিত করার পক্ষে সওয়াল করছেন। এমন পরিস্থিতিতে ভারত ও ইউরোপ সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং মুক্ত বাণিজ্যের পথ বেছে নিয়েছে।”বাণিজ্য ও কূটনীতির গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই বেলজিয়ামের প্রধানমন্ত্রীর মুখে মোদির এমন প্রশংসা ভারত-বেলজিয়াম সম্পর্কের নতুন বার্তা এনে দিয়েছে |