সেখ রিয়াজউদ্দিন , দুবরাজপুর :
দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুবরাজপুরে প্রতিবাদ মিছিল করল বিজেপি। প্রধানমন্ত্রীর প্রতি অসম্মান এবং দেশের গণতান্ত্রিক মর্যাদাকে আঘাত করার অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন প্রতিবাদকারীরা।
এদিন দুবরাজপুরে আয়োজিত এই প্রতিবাদ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁদের কুশপুত্তলিকা দাহ করে ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানানো হয় বিজেপির পক্ষ থেকে।
এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির রাজ্য কমিটির সদস্য সুকুমার নন্দী,অনুপম বাগ, টুটুন নন্দী,রথীলাল সিং-সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা। প্রধানমন্ত্রীর প্রতি অসম্মানজনক মন্তব্যের অভিযোগ তুলে তাঁরা কংগ্রেস নেতৃত্বের ভূমিকার সমালোচনা করেন।
রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাক্বিতণ্ডা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।