বসিরহাট : বসিরহাটের হেমনগর কোস্টাল থানার যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাটঘরা এলাকায় বাড়িতে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর একদল দুষ্কৃতী পাটঘরার বাসিন্দা রাজু মণ্ডলের বাড়িতে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়। ঘটনার তদন্তে নেমে হেমনগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরূপ হালদারের নেতৃত্বাধীন পুলিশ বিভিন্ন তথ্য ও সূত্র খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালায়। তদন্তের পর চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন বর্ষণ মন্ডল, সৌরভ হাউলি, কুণাল মন্ডল ও আমিরুল ইসলাম।
ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সোনা ও রূপার গয়না উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের শুক্রবার বসিরহাট আদালতে পেশ করা হয়। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে হেমনগর কোস্টাল থানার পুলিশ।