বসিরহাট : বসিরহাটের স্বরূপনগর থানার তেঁতুলিয়া এলাকায় সোমবার দুপুরে একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভরা বাজারের মধ্যে আচমকা আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন দোকানের কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় বসিরহাট দমকল বিভাগে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় বাজার এলাকা।
ঘটনার পর মিষ্টির দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে কীভাবে ডোমেস্টিক বা গৃহস্থালির ব্যবহারের গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। আগুন লাগার ঘটনায় দোকান ও আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার কারণ এবং দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বৈধতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।