মোল্লা জসিমউদ্দিন, অবশেষে কলকাতা হাইকোর্টের দারস্থ হলো রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন নির্বাচনী মামলা এখনও উচ্চ আদালতে বিচারাধীন। সেই মামলাগুলির কারণে বহু ইভিএম এবং নির্বাচনী সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা নিয়ে সমস্যার মুখে রাজ্য নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে বিষয়টি জানানো হয়েছে।ইভিএমের ঘাটতি, আর সেই কারণেই পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে তৈরি হয়েছে জটিলতা। প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে না থাকায় ভোটের নির্ঘণ্ট স্থির করা যাচ্ছে না বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচারাধীন মামলাগুলির শুনানির আবেদন জানিয়েছে কমিশন।আগামী মঙ্গলবার এই বিষয়ে শুনানি সম্ভাবনা রয়েছে ।
আদালতে কমিশনের তরফে জানানো হয়, বর্তমানে রাজ্যে মোট ২৬টি নির্বাচনী মামলা বিচারাধীন। ওই মামলাগুলির সঙ্গে সম্পর্কিত থাকার কারণে বিভিন্ন জেলায় বহু ইভিএম সংরক্ষিত অবস্থায় রয়েছে। শুধু ইভিএম নয়, মামলার কারণে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করে রাখতে হচ্ছে। কমিশন জানিয়েছে , দীর্ঘদিন ধরে মামলাগুলি নিষ্পত্তি না হওয়ায় নির্বাচনী পরিকাঠামোর স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে। সামনে পুরসভা নির্বাচন। কিন্তু পর্যাপ্ত ইভিএম হাতে না থাকলে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়া এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা কঠিন হয়ে পড়বে।
এই পরিস্থিতিতে বিচারাধীন নির্বাচনী মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়েছে কমিশন। মামলাগুলির জট কাটলে সংরক্ষিত ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এরফলে পুরভোটের প্রস্তুতিও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে মনে করছে কমিশন।আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।