*দুবরাজপুরে সম্পন্ন ৬৩তম সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট*
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : ঐতিহ্য, আবেগ ও ফুটবলপ্রেমীদের বিপুল উন্মাদনাকে সঙ্গে নিয়ে ৩ রা সেপ্টেম্বর বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরে সম্পন্ন হলো ৬৩তম “শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬”। দুবরাজপুরের সারদা ফুটবল ময়দানে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা।
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগ ও পরিচালনায় গত ২০ আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের ৮টি দলের অংশগ্রহণে শুরু হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে এদিন সারদা ফুটবল ময়দানে ফুটবলপ্রেমীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। হাজার হাজার ক্রীড়া প্রেমী দর্শকের উপস্থিতিতে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয় গোটা মাঠজুড়ে। এদিন
অনুষ্ঠানের সূচনায় স্থানীয় সারদা বিদ্যাপীঠের ছাত্ররা শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দদেবের প্রতিকৃতি নিয়ে সুশৃঙ্খলভাবে মাঠ পরিক্রমা করে। এরপর স্বামী সত্যশিবানন্দ মহারাজের পবিত্র মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পুরপ্রধান পীযুষ পাণ্ডে, আইএফএ সদস্য শংকর রাউত, বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ ব্যানার্জি, সত্যপ্রকাশ তেওয়ারি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এদিন চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইয়ং বেঙ্গল ক্লাব এবং কলকাতার ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। টানটান উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত কলকাতার ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে দুর্গাপুর ইয়ং বেঙ্গল ক্লাব।
বিজয়ী দলের হাতে স্বামী ভুপানন্দ ট্রফি ও ১৫ হাজার টাকা এবং বিজিত দলের হাতে ব্রহ্মচারী নৃত্য চৈতন্য ট্রফি ও ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
দীর্ঘ ৬৩ বছরের ঐতিহ্য বহন করে চলা সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, দুবরাজপুর তথা বীরভূমের ক্রীড়াপ্রেমী মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ উৎসব।