বসিরহাট : বসিরহাটের বাদুড়িয়া পৌর এলাকার একটি বাজার এবং বাদুড়িয়া ব্লকের বাগজোলা বাজারে বিভিন্ন মিষ্টির দোকান, মুদির দোকান ও খাবারের দোকানে অভিযান চালালেন বাদুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক শর্মিষ্ঠা কর্মকার। এই অভিযানে তার সঙ্গে ছিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক এবং বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিকরা।
খাবারে কেমিক্যাল রঙের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যসামগ্রীর গুণমান নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। অভিযানের সময় বিভিন্ন দোকানে খাবার তৈরির পদ্ধতি, রান্নাঘরের পরিচ্ছন্নতা, ব্যবহৃত উপকরণ এবং খাদ্যসামগ্রীর সংরক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
বিশেষ করে মিষ্টি ও বিভিন্ন খাবারে অতিরিক্ত বা অননুমোদিত কেমিক্যাল রঙ ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়েও নজর দেন আধিকারিকরা। পাশাপাশি মুদির দোকানগুলিতে খাদ্যসামগ্রীর প্যাকেট, মেয়াদ এবং সংরক্ষণের পদ্ধতিও পরীক্ষা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অনুমোদিত উপকরণ ব্যবহার করা বাধ্যতামূলক। নিয়ম না মানলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
বাদুড়িয়ার দুই গুরুত্বপূর্ণ বাজারে প্রশাসন, খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশের এই যৌথ অভিযানে ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। আগামী দিনেও বিভিন্ন বাজার ও খাবারের দোকানে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।