বসিরহাট : বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক। বসিরহাট ২নং ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাজিরাটী এলাকায় কংগ্রেসের দলীয় কার্য্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দলবদলের ঘটনা ঘটে। এদিন তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক কংগ্রেসে যোগ দেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন এআইসিসি সদস্য অমিত মজুমদার। দলবদলকে কেন্দ্র করে এলাকায় কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিইউসির উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক হীরন্ময় দাস, বসিরহাট ২নং ব্লক কংগ্রেসের সভাপতি সিরাজুল ইসলাম, উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি সালাউদ্দিন ঘরামী এবং প্রদেশ কংগ্রেস সদস্য দিলীপ ঘোষ সহ দলের একাধিক নেতা-কর্মী। কংগ্রেস নেতৃত্বের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কংগ্রেসে যোগদানের ফলে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তথা বসিরহাট উত্তর বিধানসভায় দলের সাংগঠনিক শক্তি আরও বাড়লো।
আগামী দিনে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কংগ্রেস ময়দানে নামবে বলেও দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে। তবে তৃণমূল, সিপিএম ও আইএসএফের পক্ষ থেকে এই দলবদল নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।