সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: অখিল ভারতীয় বিদ্যা বিকাশ পরিষদ ও বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ পরিচালিত বিভিন্ন সরস্বতী শিশু মন্দিরে একযোগে সারা দেশে লক্ষ লক্ষ কণ্ঠে ‘বন্দেমাতরম’ পরিবেশনের কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার, ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় খয়রাসোল ব্লকের লোকপুর ননীলাল সরস্বতী শিশু মন্দিরের সভাকক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের অন্যান্য সরস্বতী শিশু মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এই কর্মসূচিতে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তির কণ্ঠে একযোগে ‘বন্দেমাতরম’ ধ্বনি পরিবেশিত হয়। দেশাত্মবোধক এই কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় চত্বরজুড়ে তৈরি হয় উৎসাহ ও উদ্দীপনার আবহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা,পাঁচড়া চৈতন্যপুর গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ গড়াই, লোকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস দাস, সমাজসেবী অনুপম বাগ, সুকুমার নন্দী, রাজু দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
‘বন্দেমাতরম’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে দেশাত্মবোধ ও জাতীয় চেতনার বার্তা তুলে ধরা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
একান্ত সাক্ষাৎকারে আজকের কর্মসূচি সম্পর্কে পৃথক পৃথক ভাবে বিস্তারিত বিবরণ দেন বিধায়ক অনুপ কুমার সাহা ও স্থানীয় ননীলাল সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য সেবানন্দ সাউ।