তারকাহীন ছবির বাজিমাত, 'ধুরন্ধর২’কে টেক্কা দিয়ে ২০০০% লাভে চমক ‘হনুমান অংশ’
নিজস্ব প্রতিনিধি : টক্সিক’, ‘আওয়ারাপন ২’-এর মতো ছবি নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। এরই মধ্যে, মাত্র দু’কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটির বক্সঅফিসে লাভ ২০০০ শতাংশ। অথচ ৭ অগস্ট মুক্তির পর প্রথম দিনে মাত্র ১০ লক্ষ টাকা আয় করে সেটি। এর পরই যেন নাটকীয় ভাবে বদলে যায় ছবিটির ভাগ্য।
সকলকে টেক্কা দিয়ে নিঃশব্দে বক্সঅফিস দখল করে নিয়েছে ‘হনুমান অংশ’। ২০২৬ সালের সবচেয়ে লাভজনক চলচ্চিত্রের তকমা উঠেছে আধ্যাত্মিক নেতা নীম করোলী বাবার জীবনীভিত্তিক সিনেমাটির মাথায়। এই নিরিখে ‘হনুমান অংশ’ পিছনে ফেলে দিয়েছে বক্সঅফিস কাঁপানো ‘ধুরন্ধর-২: রিভেঞ্জ’কেও। আদিত্য ধর পরিচালিত ছবিটির বাজেট ছিল ১২৫ কোটি টাকা। বক্সঅফিস থেকে সেটি আয় করেছিল ১০০০ শতাংশ বলে দাবি।
বর্তমানে ছবিটি বাজেটের ২০ গুণেরও বেশি আয় করে প্রায় ২০০০ শতাংশ লাভের নজির গড়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্বব্যপী ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যেই। আধ্যাত্মিক গুরু নীম করোলী বাবার জীবন ও দর্শনকে কেন্দ্র করে নির্মিত ভক্তিমূলক সিনেমা ‘হনুমান অংশ’ ২০২৬ সালের ভারতীয় বক্সঅফিসের অন্যতম বড় চমক হয়ে উঠেছে। ১৩ বছর বয়সি লক্ষ্মণ দাসের নীম করোলী বাবা হয়ে ওঠার যাত্রাকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক বিশাল। মায়ের মৃত্যুর পর গৃহত্যাগ, তার পর লক্ষ্মণ থেকে আধ্যাত্মিক গুরু হয়ে ওঠা।৭ অগস্ট বড়পর্দায় মুক্তি পায় আধ্যাত্মিক চলচ্চিত্র ‘হনুমান অংশ’। মুক্তির আগে ছবিটি নিয়ে তেমন কোনও প্রচার বা আলোচনা ছিল না। ফলে প্রথম দিন বক্সঅফিসে ছবিটির আয় ছিল যৎসামান্য।