সংবাদ ভারত ওয়েব ডেস্ক : নিউ ফরাক্কা স্টেশনের আগে রেললাইনের নীচের মাটি বসে যাওয়ার কারণে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছিল ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার। বৃহস্পতিবার দুপুরের পরে ডাউন লাইন দিয়ে অল্প সংখ্যায় ট্রেন দু’দিকে চলাচল করলেও, যাত্রীসুরক্ষার স্বার্থে বেশির ভাগ ট্রেন বাতিলই হয়েছে। রেল কর্তৃপক্ষের চিন্তা বাড়িয়ে বৃহস্পতিবার রাতে রেললাইন বরাবর এলাকায় নতুন করে ধস নামে।
এই পরিস্থিতিতে, বন্দে ভারত ছাড়াও এ দিন বাতিল করা হয়েছে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস, হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে সেগুলিকে নলহাটি-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়। দিঘা-মালদহ টাউন এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করে সেটিকে রামপুরহাটে থামিয়ে দেওয়া হয়।
রেল সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ নিউ ফরাক্কা স্টেশন থেকে ১০০ মিটার দূরে, বারহারোয়ার দিকে প্রায় ২০ মিটার অংশ জুড়ে রেললাইনের তলা থেকে মাটি কয়েক ফুট বসে যায়। এর পর রাতেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়। ফলে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।