সৌমী মন্ডল, বাঁকুড়া ২১ সেপ্টেম্বর: শিক্ষকতা, সমাজসেবা ও সাহিত্য— এই ত্রিমুখী ধারায় নীরবে কাজ করে চলা এক অনন্য পথিক এবার পেলেন তাঁর দীর্ঘ সাধনার যোগ্য সম্মান। বাঁকুড়া জেলার জঙ্গলমহল অধ্যুষিত রাইপুরের কৃতী সন্তান শ্রী রাধামাধব মুখার্জীকে ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত করল সাহিত্য সংস্থা ‘সাহিত্যের কলরব’।
রবিবার (২০ সেপ্টেম্বর) কলকাতার আইসিসিআর (ICCR) সভাগৃহে আয়োজিত ‘সেরার সেরা সম্মাননা ২০২৬’ (Annual Cultural Excellence Awards)-এর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।
রবিবারের এই মেগা ইভেন্টে রাধামাধব বাবু সহ মোট ৩০ জন স্বনামধন্য কবি ও সাহিত্যিককে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী তরুনাভ দত্ত, প্রখ্যাত সাহিত্যিক সদ্যজাত বসু সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। গুণীজনদের উপস্থিতিতে জঙ্গলমহলের এক ভূমিপুত্রের এই সম্মান প্রাপ্তি সাহিত্যমহলে বিশেষ প্রশংসিত হয়েছে।
রাধামাধব মুখার্জী একাধারে একজন নিষ্ঠাবান শিক্ষক এবং সমাজ সেবায় নিবেদিতপ্রাণ সমাজকর্মী। তিনি লায়ন্স ক্লাব’-এর সক্রিয় সদস্য হিসেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে চলেছেন। মূলত তারই উদ্যোগে জঙ্গলমহল এলাকায় জঙ্গলমহল লায়ন্স ক্লাব নামে একটি শাখা খোলা হয়। যার প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্বে ছিলেন এই রাধা মাধব মুখার্জি।
সমাজসেবার পাশাপাশি সাহিত্যের অঙ্গনেও তাঁর অবাধ বিচরণ। বিভিন্ন সাহিত্যপত্রে তিনি নিয়মিত লেখালেখি করেন এবং একাধিক পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত। চলতি বছরেই ২০২৬ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ভেতর বাহিরের গল্প’, যা পাঠকমহলে সমাদৃত হয়েছে। এর আগে পূর্ব বর্ধমানের কুমুদ সাহিত্য মেলা কমিটি তাঁকে ‘জঙ্গলমহল রত্ন’ সম্মানেও ভূষিত করেছিল।
রাধামাধব বাবুর এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা বাঁকুড়া জেলা থেকে শুরু করে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল।
জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা থেকে সাহিত্যের এমন এক আন্তর্জাতিক মানের মঞ্চে তাঁর এই উত্তরণ আগামী প্রজন্মের কাছে সাহিত্য জগতে এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সাহিত্যপ্রেমীরা। বিশিষ্ট কবি সাহিত্যিক বুদ্ধদেব মিশ্র সহ কবি বন্ধুরা বলেন আগামী দিনে সাহিত্য জগতে আরো অনেক সম্মাননা নিয়ে জঙ্গলমহল কে গর্বিত করবেন বিশিষ্ট কবি সাহিত্যিক শিক্ষক রাধামাধব মুখার্জি।