সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে রাজনগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার একাধিক গ্রামের মহিলারা। সোমবার রাজনগর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা বিডিও অফিসে এসে তাঁদের প্রাপ্য টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় বিজেপির পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করার কথা বলা হয়। সরকার গঠনের পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কার্যকর হলেও, উপভোক্তা তালিকা যাচাই-বাছাই, বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া-সহ নানা কারণে অনেক মহিলা এখনও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ।
বিক্ষোভকারী মহিলাদের দাবি, এলাকার অনেক মহিলা গত তিন-চার মাস ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন। কিন্তু একই এলাকার আরও অনেকের অ্যাকাউন্টে এখনও কোনও টাকা ঢোকেনি। ফলে তাঁদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। টাকা পাওয়ার জন্য একাধিকবার আবেদন ও সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।
মূলবুনি গ্রামের রুপা বিবি বলেন, “আমরা এখনও টাকা পাইনি। এ নিয়ে প্রয়োজনে আন্দোলন করব। দরকার হলে জেলেও যেতে হবে, তবুও যাব। কিন্তু আমাদের প্রাপ্য আদায় করেই ছাড়ব।”
অন্যদিকে সাকিরপাড়া গ্রামের কামু বিবি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেও তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই সুবিধা পাননি। সরকার পরিবর্তনের পর অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে টাকা পাওয়ার আশা করেছিলেন। কিন্তু এখনও তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা জমা পড়েনি বলে দাবি করেন তিনি।
লাউজোড় গ্রামের বৃন্দা মালি এবং আবাদনগর গ্রামের জপমালা-সহ অন্যান্য মহিলারাও একই অভিযোগ করেন। তাঁদের বক্তব্য, সংসার চালাতে তাঁদের যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়। তাই সরকার দ্রুত বিষয়টি খতিয়ে দেখে তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করুক।
এদিন বিক্ষোভকারী মহিলারা তাঁদের সমস্যার বিষয়ে বিডিওর কাছে জবাবদিহি দাবি করেন। তাঁদের দাবি, কেন তাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, সেই বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হোক এবং দ্রুত সমস্যার সমাধান করে তাঁদের প্রাপ্য অর্থ দেওয়ার ব্যবস্থা করা হোক।