বসিরহাট : পোশাক তৈরির কারখানা বন্ধ, কর্মহীন হাজার হাজার শ্রমিক। দুর্গাপুজোর আগে বিক্ষোভে উত্তাল বসিরহাট। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা সংলগ্ন আটাপাড়া এলাকায় একটি পোশাক তৈরির কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। কারখানা বন্ধের জেরে শুধু কর্মরত শ্রমিকরাই নন, পরোক্ষভাবে এই কারখানার উপর নির্ভরশীল প্রায় কয়েক হাজার পরিবারের সংসারেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুর্গাপুজোর আগে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় কয়েকশো শ্রমিক কাজ করতেন। সম্প্রতি কারখানার কয়েকজন উচ্চপদস্থ দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, ওই ঘটনায় কারখানার মালিক আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েন। এরপরই কারখানাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে শ্রমিকদের দাবি। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এক ধাক্কায় কাজ হারিয়েছেন প্রচুর শ্রমিক। তাদের বক্তব্য, কারখানার উপার্জনের উপর নির্ভর করেই তাদের সংসার চলতো।
পাশাপাশি কারখানাকে কেন্দ্র করে পরিবহণ, ছোট ব্যবসা-সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বহু পরিবারেরও রোজগার নির্ভরশীল ছিল। ফলে কারখানা বন্ধের প্রভাব সরাসরি এবং পরোক্ষভাবে বহু পরিবারের উপর পড়েছে। সামনেই দুর্গাপুজো, তার আগে কাজ হারিয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজে ফেরানোর দাবিতে প্রথমে আটাপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
পরে তারা মাটিয়া থানায় গিয়ে থানার সামনে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের কারণ যাই হোক না কেন, তাদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে দ্রুত কারখানা চালু করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কারখানা বন্ধের ফলে যে শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, সেই সমস্যারও দ্রুত সমাধান করতে হবে।