বসিরহাট : বসিরহাট টাউন হলে শুক্রবার বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বিশেষ সাইবার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রছাত্রী ও প্রবীণ নাগরিকদের নতুন ধরনের সাইবার হুমকি, অনলাইন আর্থিক প্রতারণা ও তার থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাইবার বিশেষজ্ঞ দল এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের যৌথ তত্ত্বাবধানে আলোচনা সভাটি পরিচালিত হয়। সেখানে অনলাইনে প্রতারণার বিভিন্ন কৌশল, সন্দেহজনক লিঙ্ক বা ফোনে প্রতারিত না হওয়া এবং আর্থিক প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত কী পদক্ষেপ করতে হবে, তা নিয়ে সচেতন করা হয়।
এদিনের অনুষ্ঠানে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে উদ্ধার হওয়া প্রায় ১২০টি হারানো মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে সেগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে খুশি হন অনেকেই। পাশাপাশি সাইবার প্রতারণার শিকার হওয়া নাগরিকদের খোয়া যাওয়া আনুমানিক ১৪ লক্ষ ৭০ হাজার টাকা চেকের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় প্রতারিত টাকা ও হারানো মোবাইল ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সাইবার অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে। তাই অপরিচিত ফোন, মেসেজ, লিঙ্ক বা অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা আরও বাড়ানোর বার্তা দেওয়া হয়।