সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: বীরভূম পথপ্রদর্শক নামক স্বেচ্ছাসেবী সংস্থার ১২ বছর পূর্তি উপলক্ষে সাঁইথিয়া হোমিওপ্যাথি কলেজের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ, গান, যোগাসন ও অ্যাবাকাস প্রতিযোগিতায় সাঁইথিয়া-সহ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

ছোট ছোট ছেলে-মেয়েদের প্রতিভা তুলে ধরা এবং তাদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে সংস্থার পক্ষ থেকে শংসাপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

প্রতি বিভাগের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের আগামী ৮ অক্টোবর সংস্থার বার্ষিক অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হবে জানানো হয়।
সংস্থার পক্ষ থেকে সৌরভ দাস ও দিগন্ত সেন জানান, “সংস্কৃতির বিকাশ এবং শিশুদের প্রতিভাকে আরও উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আগামী দিনেও এমন আয়োজনের মাধ্যমে শিশুদের পাশে থাকার প্রয়াস জারি থাকবে।”

বীরভূম পথপ্রদর্শকের এই উদ্যোগকে ঘিরে প্রতিযোগী, অভিভাবক এবং স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।