সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব দিয়ে আবাদনগরে অনুষ্ঠিত হল বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির। রবিবার, ২৭ সেপ্টেম্বর বিরাটি বিবেক দিশারীর সহযোগিতায় এবং টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের রাজনগর-খয়রাশোল শাখার উদ্যোগে ও সংস্থার আবাদনগর কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়।
জানা গেছে, রাজনগর ব্লকের আবাদনগর, বাঁন্দি ও নিত্যনগর গ্রামের পিছিয়ে পড়া পরিবারের শিশুদের নিয়ে প্রায় ২০ বছর ধরে গ্রামভিত্তিক শিক্ষা কেন্দ্র পরিচালনা করে আসছে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। শিক্ষা প্রদানের পাশাপাশি শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময়ে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
তারই ধারাবাহিকতায় এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শিক্ষা কেন্দ্রগুলির পড়ুয়াদের পাশাপাশি তাঁদের মায়েদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী তাঁদের হাতে ওষুধপত্রও তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাঁদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক সুস্থতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই ধরনের কর্মসূচির মাধ্যমে পড়ুয়া ও তাঁদের পরিবারের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা উদ্যোক্তাদের।
একান্ত সাক্ষাৎকারে এই উদ্যোগের কথা জানান বিরাটি বিবেক দিশারীর পক্ষ থেকে সুপ্রদীপ ভট্টাচার্য ও শিশির চ্যাটার্জি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য
ডাক্তার প্রবীর চ্যাটার্জি,ডাঃ রত্নাপ্রকাশ চক্রবর্তী, তাপসী শর্মা,ইন্দ্রনীল রায় এবং
টেগোর সোসাইটির স্থানীয় শাখার প্রকল্প আধিকারিক প্রকাশ সিনহা, সংস্থার কর্মী চন্দ্রকান্ত দত্ত, জয়দেব শীট, কার্তিক দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।