সাধন মন্ডল, বাঁকুড়া বড়জোড়া:
সারা রাজ্যের পাশাপাশি 20 সেপ্টেম্বর বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকেও বিপুল উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রথম পর্যায়ের 'কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ' পরীক্ষা। রাজ্যের সবচেয়ে বড় ও জনপ্রিয় এই মেধা অনুসন্ধান পরীক্ষাকে কেন্দ্র করে এদিন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পরীক্ষার্থী ও অভিভাবকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, এদিন বড়জোড়া ব্লকের মোট তিনটি সেন্টারে এই পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষাকেন্দ্রগুলি হলো— ঘুটঘুরিয়া হাই স্কুল, পখন্না হাই স্কুল ও বড়জোড়া গার্লস হাই স্কুল। উল্লেখ্য, বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যেই রাজ্যজুড়ে এই বৃহৎ পরীক্ষার আয়োজন করা হয়।
এদিন আয়োজক শিক্ষকদের বিশেষ আমন্ত্রণে বড়জোড়া পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিলেশ্বর সিনহা এবং অবর বিদ্যালয় পরিদর্শক (SI) অনিকেত মুখার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। পরীক্ষার্থীদের উৎসাহ দিতে তাঁদের এই উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এদিনের পরীক্ষায় জেলা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা কৃষ্ণা মুখার্জী এবং বিশিষ্ট শিক্ষক রাজীব কুণ্ডু। পরীক্ষা শেষে সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে তাঁরা বলেন, "পরীক্ষা অত্যন্ত সুস্থ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিনের পরীক্ষার আয়োজন সত্যিই খুব সুন্দর ছিল। বিশেষ করে বিধায়ক মহাশয় ও এসআই (SI) স্যার এদিন পরীক্ষাকেন্দ্রে এসেছিলেন, যা শিক্ষার্থীদের দারুণভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁদের আমরা ধন্যবাদ জানাই।"
সব মিলিয়ে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা, কড়া নজরদারি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে বড়জোড়ায় এদিনের এই মেধা অন্বেষণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।