নিজস্ব প্রতিনিধি : বিজেপির কেন্দ্রীয় পদাধিকারী তালিকায় পশ্চিমবঙ্গের দুই মুখ, মধুছন্দা-মনোজের হাত ধরে ফিরে এল পুরানো ঐতিহ্য | এই বছর রাজ্যে বিজেপির বিপুল জয়ের পরে দলের সর্বভারতীয় নেতৃত্বে রাজ্যের গুরুত্ব যে বাড়তে চলেছে, সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। দীর্ঘ ছ’বছর পরে পশ্চিমবঙ্গের দুই প্রতিনিধি একসঙ্গে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারী মনোনীত হলেন। মধুছন্দা কর এবং মনোজ টিগ্গা। একইসাথে , বিধানসভা ভোটে এ রাজ্যের অন্যতম দায়িত্বপ্রাপ্ত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পেয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ।
২০২০ সালে বিজেপিতে এলেও গৈরিক শিবিরের সঙ্গে মধুছন্দার যোগাযোগ বহু বছরের।কর্কট রোগ বিশেষজ্ঞ মধুছন্দা ২০২০ সালে রাজ্য বিজেপির চিকিৎসক সেলের সহ আহ্বায়ক হন।২০২২ সালে সুকান্তের কমিটিতে তাঁকে সহ সভাপতি করা হয়। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মনোনীত হওয়ার পরে ঘনিষ্ঠ বৃত্তে তিনি ২০২২ সালের পুর নির্বাচনে বুথ এজেন্ট হওয়ার স্মৃতি রোমন্থন করেছেন বলে বিজেপি সূত্রের খবর।
অন্যদিকে, ২০০৪ সালে প্রথম বার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হন। ২০০৯ সালে ফের লোকসভা নির্বাচনে এবং ২০১১ সালে মাদারিহাট বিধানসভা আসনে লড়েন। ২০২১ সালে দ্বিতীয় বার জয়ী হন মাদারিহাটে।২০২১-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ২০২০ সালে কেন্দ্রীয় পদাধিকারী বাছাইয়ের তালিকায় পশ্চিমবঙ্গের গুরুত্ব বেড়ে গিয়েছিল তা বলা যেতে পারে | রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিতীন নবীনের নতুন কমিটি ঘোষিত হতেই বোঝা গেল, বিজেপির সর্বভারতীয় নেতৃত্বে পশ্চিমবঙ্গের গুরুত্ব আবারও ছ’বছর আগের অবস্থায় অর্থাৎ পুরানো ছন্দে ফিরে গিয়েছে।