রুদ্র বিশ্বাস, বনগাঁ: বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এবার মুম্বইয়ের একটি জনপ্রিয় রেস্তরাঁয় নৈশভোজ সেরে বেরোনোর সময় ক্যামেরাবন্দি হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ব্যক্তিগত মুহূর্ত কাটাতে গেলেও চিত্র সাংবাদিকদের নজর এড়াতে পারেননি এই তারকা দম্পতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তরাঁ থেকে বেরিয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন দু'জনে। গোপনীয়তা বজায় রাখতে দীপিকা ও রণবীর দু'জনেই মুখে মাস্ক পরে ছিলেন। তবুও বাইরে অপেক্ষায় থাকা আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে তাঁদের সেই মুহূর্ত, যা পরে নেটমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে, ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকালীন বিরতির পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। এই ছবিতে আবারও শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। এছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অভয় বর্মা, অভিষেক বচ্চন-সহ একাধিক তারকা। আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ ছবিটি মুক্তি পাওয়ার কথা। এরপর পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবিতে অল্লু অর্জুনের বিপরীতেও দেখা যাবে দীপিকাকে।
অন্যদিকে, রণবীর সিং কে সম্প্রতি দেখা গিয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে। সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন ও রাকেশ বেদি-সহ একাধিক তারকার উপস্থিতিতে তৈরি এই ছবিতে রণবীরের অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।