সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূমের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসাকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে বোলপুরে অনুষ্ঠিত হলো “ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন ফর MSME” শীর্ষক একদিনের বিশেষ জাতীয় সেমিনার ও কর্মশালা। গত ২৮শে আগস্ট বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই কর্মশালার আয়োজন করা হয়।
ভারত সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) মন্ত্রকের অধীনস্থ MSME ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিস, সিউড়ি-র উদ্যোগে এবং একাধিক কেন্দ্রীয় সংস্থার সহযোগিতায় এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার দুই বিধায়ক অনুপ কুমার সাহা ও কৃষ্ণকান্ত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের বিভিন্ন আধিকারিক, যার মধ্যে উল্লেখযোগ্য প্রদীপ কুমার দাস, প্রমথেশ শচীন মহানগাড়ে, তাপস রায় ও রাজর্ষি মাজি প্রমুখ।
মন্ত্রীর প্রারম্ভিক বক্তব্যে আধুনিক যুগের ডিজিটাল প্রযুক্তি ও সরকারি নীতির যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসাকে ‘লোকাল থেকে গ্লোবাল’ স্তরে পৌঁছে দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরা হয়। বিশেষ করে বোলপুর ও বীরভূমের কাঁথা স্টিচ, মৃৎশিল্প, কাঠের কাজসহ বিভিন্ন স্থানীয় হস্তশিল্প ও ক্ষুদ্র-মাঝারি শিল্পকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলাই ছিল এই কর্মশালার অন্যতম প্রধান লক্ষ্য।
কর্মশালায় বিশেষজ্ঞ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ডিজিটাল বিপণনের আধুনিক কৌশল, রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ, রপ্তানির জন্য প্রয়োজনীয় লাইসেন্স, সরকারি নীতি এবং আইনি নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি রপ্তানি ক্ষেত্রে অর্থপ্রদানের ঝুঁকি কমাতে বিভিন্ন সরকারি স্কিম ও বিমা সংক্রান্ত সুবিধার বিষয়েও উপস্থিত উদ্যোক্তাদের অবহিত করা হয়।
দিনভর আলোচনার মাধ্যমে স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোগকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।