সাধন মন্ডল, বাঁকুড়া : বজ্রাঘাতে মৃত্যু হল একই পরিবারের দুই বোনের। সোমবার বিকেলে রাইপুর ব্লকের ধানাড়া পঞ্চায়েতের মধুপুর গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন রাইপুর থানার বেনাশুলি গ্রামের মণিমালা হাঁসদা (২৬) ও খুকুমণি হাঁসদা (২২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মণিমালা হাঁসদা একজন স্বাস্থ্যকর্মী।
সোমবার ধানাড়া সাব সেন্টারে কাজ শেষ করে বোন খুকুমণিকে নিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। খুকুমণি দিদির সঙ্গে দেখা করতে সাব সেন্টারে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে মধুপুর গ্রামের কাছে একটি গাছের নিচে দাঁড়িয়ে বর্ষাতি পরার চেষ্টা করেন তারা। সেই সময় আচমকাই বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই বোন। তাদের সঙ্গে থাকা মামণি মাণ্ডি নামে আরও এক যুবতীও বজ্রাঘাতে গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মণিমালা ও খুকুমণিকে মৃত ঘোষণা করেন। আহত মামণি মাণ্ডিকে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ মনিমালা ও খুকুমণির বাবা হলধর হাঁসদা। হলধর বাবুর পরিবারে ২ মেয়েই। আর কোন ছেলে বা মেয়ে নেই। হাসপাতালে মনিমালা কে দেখতে আছে তার সহকর্মী সি এইচ ও বান্ধবীরা আসেন তার শিক্ষক চন্দন ঘোষ তিনি বলেন খুব প্রিয় এবং অভিডিয়েন্ট ছাত্রী ছিল মনিমালা।