সেখ রিয়াজুদ্দিন,বীরভূম : বীরভূম জেলায় বর্ষাকালীন মরশুমে নদী ও জননিরাপত্তার কথা মাথায় রেখে ১ লা আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সমস্ত নদী থেকে বালির উত্তোলন, লোডিং, পরিবহণ-সহ যাবতীয় নদীবালি সংক্রান্ত কার্যকলাপ সম্পূর্ণরূপে স্থগিত রাখার নির্দেশ জারি করলেন বীরভূম জেলা শাসক।
৩১ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া জেলা শাসকের অফিসিয়াল নির্দেশিকায় জানানো হয়েছে, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের (MoEFCC) Sustainable Sand Mining Management Guidelines, 2016 এবং পরিবেশ ছাড়পত্রের শর্তাবলি অনুসারে বর্ষাকালে নদীবালির খনন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নির্দেশ অনুযায়ী, ১ আগস্ট ২০২৬ রাত ১২টা (মধ্যরাত) থেকে জেলার সব নদী থেকে বালির উত্তোলন, লিফটিং, লোডিং ও পরিবহণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবেয । জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্লক লেভেল সার্ভেইলেন্স টিম (BLST)-কে নিজ নিজ এলাকায় নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নিষেধাজ্ঞার সময় কোনওভাবেই অবৈধ বালি উত্তোলন বা পরিবহণ না হয়।
এই নির্দেশের অনুলিপি পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন (WBMDTCL), পুলিশ সুপার, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমাশাসক, সেচ দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, বিডিও, ওসি এবং জেলার সমস্ত বালি খাদান লিজধারী ও এমডিও-দের কাছে পাঠানো হয়েছে।
প্রশাসনের দাবি, বর্ষাকালে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, ভাঙন রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কড়া নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।