মোল্লা জসিমউদ্দিন, ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখার ট্রাইবুনালে এবার অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের বেতন বাড়ানোর দাবিতে সরব।ট্রাইবুনালের কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে আগেই জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ। এবার বেতন বাড়ানোর আর্জি জানিয়ে চিঠি দিলেন বিচারপতিরা। তাঁদের দাবি গোটা মাস কাজ করতে গেলে জাতীয় নির্বাচন কমিশনের ঠিক করা বেতনে কাজ করা সম্ভব নয়।
সম্প্রতি ট্রাইব্যুনালে কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়।তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে দীর্ঘ রাস্তা পেরিয়ে, তীব্র যানজটে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি বাধ্য হয়ে অবসর নিতে চান। অবশ্য বাড়িতে বসে কাজ করতে তাঁর কোনও আপত্তি নেই, সে কথাও জানান চিঠিতে। আবার বেশ কয়েকজন বিচারপতি সরাসরি নিজেদের আধার দিয়ে 'লগ ইন' করবেন না বলে জানিয়েছেন।এবার অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ চিঠি লিখে জানিয়েছে, বেতন না বাড়ালে কাজ করা সম্ভব নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিচারপতিদের একাংশ জানাচ্ছেন -' এক লক্ষ টাকায় ৩৬ শতাংশ ট্যাক্স দিলে প্রতি দিনের গড় হিসেব ২,২০০ টাকা করে হয়। এই টাকায় কাজ করা সম্ভব নয়।' জানা গেছে ট্রাইবুনালের বিচারপতি হিসেবে তাঁরা এক লক্ষ টাকা সহ গাড়ি এবং বেশ কিছু সুবিধা পান। সেই টাকাই দ্বিগুণ করার কথা জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন তাঁরা। কপি পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে।
অপরদিকে নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন-' প্রতি মাসে ট্রাইবুনালের খরচ বাবদ কমিশনকে তিন কোটি টাকার মত খরচ করতে হয় '। এখন দেখার ট্রাইবুনালে অবসরপ্রাপ্ত বিচারপতিদের বেতন বাড়ানোর দাবিতে কতটা সহমত পোষণ করে কমিশন?